News Ticker

Menu

Browsing "Older Posts"

Browsing Category " TECH "

‘আনডু সেন্ড মেইল’ সুবিধা আনছে জিমেইল

Wednesday, June 24, 2015 /
অনেক গুরুত্বপূর্ণ মেইল লিখছেন, কিন্তু সেন্ড অপশনে ক্লিক করার পর মনে পড়ল বড্ড এক ভুল থেকে গেছে মেইলে। কিন্তু একবার সেন্ড অপশনে ক্লিক করলে তো আর তাকে ফেরানোর উপায় নেই! এবার এই পাঠিয়ে দেওয়া বার্তাকে আটকে দেওয়ার সুবিধা এনেছে জিমেইল। এ খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল।
গুগল তাদের ব্লগে জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে তারা ‘আনডু সেন্ড’ অপশন যুক্ত করতে যাচ্ছে জিমেইল ব্যবহারকারীদের জন্য। তবে এই সুবিধা কিন্তু একদম নতুন না। পরীক্ষামূলকভাবে এই সুবিধার বেটা সংস্করণ ব্যবহার করতে পারতেন যে কেউ। সেই পরীক্ষামূলক পর্যায় চলেছে প্রায় ছয় বছর ধরে। অবশেষে পাকাপাকিভাবে এই সুবিধা উপভোগ করতে পারবেন জিমেইল ব্যবহারকারী!
যাঁরা ‘আনডু সেন্ড’-এর বেটা সংস্করণ ব্যবহার করছিলেন, তাঁরা স্বয়ংক্রিয়ভাবে নতুন সংস্করণ উপভোগ করতে পারবেন। আর বাদবাকি ব্যবহারকারীদের সেটিংস অপশনে গিয়ে জেনারেল ট্যাব থেকে চালু করে নিতে হবে এই সুবিধা।
আদতে পাঠিয়ে দেওয়া কোনো মেইলকে ফিরিয়ে আনবে না গুগল। তবে ‘সেন্ড’ বাটন চাপার পর গ্রাহককে কয়েক মুহূর্ত ভাবার সুযোগ দেবে গুগল। এই সময়ে গুগল মেইল প্রাপকের কাছে না পাঠিয়ে নিজেদের সার্ভারে জমা করে রাখবে।
২০০৯ সালে যখন পরীক্ষামূলক এই সেবাটি চালু হয় তখন পাঁচ সেকেন্ড পর্যন্ত আনডু করার সুযোগ ছিল। তবে নতুনরূপে আসা এই সুবিধায় ৩০ সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করবে গুগল। পছন্দমাফিক ৫, ১০, ২০ অথবা ৩০ সেকেন্ড অপেক্ষা করার অপশন বাছাই করে নিতে পারবেন গ্রাহকরা।
তবে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য এই সুবিধা এখনই চালু করছে না গুগল। নিরাশ হওয়ার কিছু নেই এ খবরে, গুগল জানিয়েছে শিগগিরই মোবাইল ফোনেও আনডু করতে পারবেন যে কোনো মেইল। কিন্তু কবে, কখন মোবাইল ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন তা জানায়নি গুগল।

গেম খেলা যাবে ইউটিউবেই

Wednesday, June 17, 2015 /

শুধু ভিডিও দেখাই নয়, ইউটিউবে গেমও খেলা যাবে। ভিডিও দেখায় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউব গুগলের নিয়ন্ত্রণাধীন। প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল সম্প্রতি ইউটিউবে সরাসরি স্ট্রিমিং করে গেম খেলার সুবিধা যুক্ত করতে যাচ্ছে।
জানা গেছে, আমাজনের গেম খেলার ওয়েবসাইট টুইচ সার্ভিসের সঙ্গে পাল্লা দিতেই ইউটিউবে এই নতুন ব্যবস্থা নিচ্ছে। গত বছর গুগলকে টেক্কা দিয়ে ৯৭ কোটি মার্কিন ডলারে টুইচ কিনে নেয় অ্যামাজন।
গুগল কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, একটি অ্যাপের মাধ্যমে ইউটিউবে গেম খেলা যাবে। আবার ব্যবহারকারী চাইলে ইউটিউবের ওয়েবসাইটেও গেম খেলতে পারবেন। ইউটিউবে ২৫ হাজারের বেশি গেম খেলার সুযোগ থাকবে। ব্যবহারকারীরা চাইলে কোনো গেম নিজেদের কালেকশনে রেখে দিতে পারবে যেন সহজেই পরবর্তী সময়ে ওই গেম খুঁজে পাওয়া যায়। আর ইউটিউবে কোনো চ্যানেল ফলো করা হলে সেখানে অন্তর্ভুক্ত নতুন গেম বা ভিডিও ব্যবহারকারীরা দেখতে পাবেন। এ ছাড়া ইউটিউবে কোনো গেম খুঁজে পাওয়ার পদ্ধতিও হবে সহজ। 
গুগল জানিয়েছে, বিভিন্ন বিষয় একসঙ্গে আনার উদ্যোগ হিসেবেই ইউটিউবে গেম চালু করা হচ্ছে। চলতি বছর গ্রীষ্মে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে এই সেবা চলে আসবে।



উন্মুক্ত হল স্কাইপের ওয়েব সংস্করণ

/



উন্মুক্ত হল স্কাইপের ওয়েব সংস্করণ। জনপ্রিয় ভয়েস চ্যাট সফটওয়্যার স্কাইপের ডেস্কটপ অ্যাপের পাশাপাশি ব্রাউজার থেকে ব্যবহারের জন্য বেশ কিছুদিন আগে চালু করা হয়েছিল ওয়েব সংস্করণ। প্রাথমিক অবস্থায় যুক্তরাষ্ট্র এবং পরে যুক্তরাজ্যের জন্য চালু করা হলেও এবার সারা বিশ্বের ব্যবহারকারীদের জন্য এটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

মাইক্রোসফট জানিয়েছে, ভবিষ্যতে এতে যুক্ত করা হবে WebRTC, ফলে ব্রাউজারে কোন ধরণের প্লাগিন ইন্সটল করা ছাড়াই ব্যবহার করা যাবে অর্থাৎ সেক্ষেত্রে শুধুমাত্র ওয়েবক্যাম এবং মাইক্রোফোন ব্যবহারের অনুমতি দিলেই চলবে স্কাইপ ওয়েব।

স্কাইপের ওয়েব সংস্করণ ব্যবহার করা যাবে এই ঠিকানা থেকে।

টুইটারে থাকছে না শব্দের সীমাবদ্ধতা

Saturday, June 13, 2015 /


আপনি চাইলেই বড় বড় বার্তা লিখে পাঠাতে পারবেন টুইটারে, অবশ্য এজন্য আপনাকে অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েকটি দিন। এখন টুইটারে সরাসরি পাঠাতে চাইলে গুনে গুনে ১৪০ টির বেশি চিহ্ন বা ক্যারেক্টার ব্যবহার করা যায় না। কিন্তু আগামী জুলাই থেকে টুইটার ব্যবহারকারীদের জন্য আর এই সীমাবদ্ধতা থাকবে না। গত বৃহস্পতিবার সাইটটির ডেভেলপার ফোরামের একটি পোস্ট থেকে ব্যাপারটি সর্বপ্রথম জানা যায়।
টুইটারের একজন মুখপাত্র প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলকে খবরটি নিশ্চিত করেছেন। তবে জুলাইয়ের কত তারিখ থেকে নতুন এই পদ্ধতি কার্যকর হবে সে ব্যাপারে মুখ খুলতে রাজি হননি তিনি।
রেগুলার টুইটের ক্ষেত্রে অবশ্য এই সীমারেখাটি ১৪০ ক্যারেক্টারেই আটকে থাকবে। তাই বার্তা লেখার মতো চাইলেই বিশাল বিশাল টুইট লেখার সুযোগ এখনো কেউ পাচ্ছেন না।
টুইটারে সরাসরি বার্তা লেখার সেবাটি জনপ্রিয় করার জন্য বেশ কয়েকদিন ধরেই চেষ্টা করা হচ্ছে। সাইটটি গেল জানুয়ারিতে গ্রুপ ম্যাসেজ সার্ভিস যোগ করা হয়েছে সরাসরি ম্যাসেজিংয়ে। এ ছাড়া ম্যাসেজ প্রাপ্তির ক্ষেত্রে কার কার কাছ থেকে ম্যাসেজ আসবে, সেটিও বাছাই করার সুযোগ জুড়ে দেওয়া হয়েছে টুইটার ব্যবহারকারীদের জন্য।
আগে একজন ব্যবহারকারী যাদের ফলো করছেন, শুধু তাদের থেকেই ম্যাসেজ পেত। কিন্তু বর্তমান সেটিংসে ‘সিক্যুরিটি এবং প্রাইভেসি’ মেন্যুতে গিয়ে সেটি পরিবর্তন করা যাবে। তাই চাইলে টুইটারে অবস্থানকারী সবার কাছ থেকেই এখন ম্যাসেজ পেতে পারেন টুইটার ব্যবহারকারীরা।

আসছে ব্ল্যাকবেরির অ্যানড্রয়েড ফোন

/
স্মার্টফোন নির্মাতা কানাডীয় প্রতিষ্ঠান ব্ল্যাকবেরি বাজারে এবার অ্যান্ড্রয়েড স্মার্টফোন আনার কথা চিন্তা করছে। ফোর্বস জানিয়েছে এ খবর।
এক্ষেত্রে কোম্পানিটি মূলত সফটওয়্যারের উন্নয়নের দিকেই মনোযোগ দেবে। ব্ল্যাকবেরির জন্য এটি এক বড় পদক্ষেপ, কারণ স্মার্টফোনের ক্ষেত্রে প্রতিযোগিতায় কোম্পানিটি বেশ পিছিয়ে আছে। বর্তমান স্মার্টফোনের বাজারে মাত্র ১% ব্ল্যাকবেরির অধীনে। এ কারণেই স্মার্টফোনের মানোন্নয়নের অংশ হিসেবে অ্যানড্রয়েড প্রযুক্তি ব্যবহারের ঘোষণা দিল ব্ল্যাকবেরি।
এ বছরের মার্চে স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ফোনটি প্রদর্শিত হয়েছে বলে জানিয়েছে ফোর্বস।
ব্ল্যাকবেরির প্রধান নির্বাহী জন চেন জানান, অ্যানড্রয়েড ফোনের ব্যাপারে তারা কোনো মন্তব্য করবেন না, তবে নতুন ফোনটির ক্ষেত্রে তারা ব্ল্যাকবেরি ১০ অপারেটিং সিস্টেমই ব্যবহার করবে, যা নিরাপত্তা ও অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে অন্য যেকোনো অপারেটিং সিস্টেমের তুলনায় বেশি নির্ভরযোগ্য।
এই পদক্ষেপ বিস্ময়কর হলেও ব্ল্যাকবেরির জন্য নতুন কিছু না। এর আগেও প্রতিষ্ঠানটি অ্যানড্রয়েড প্রযুক্তি ব্যবহার করেছে। ব্ল্যাকবেরি-১০ তার ম্যাসেজিং অ্যাপ ও ভার্চুয়াল লাইব্রেরির জন্য অ্যানড্রয়েড অ্যাপস ব্যবহার করে। তারপরও অপেক্ষাকৃত বড় টাচস্ক্রিণ আর কিবোর্ড সংবলিত পুরোদস্তুর অ্যানড্রয়েড ফোনটি বাজারের অন্যান্য ফোনের সাথে ভালো প্রতিযোগিতা করবে বলে ব্ল্যাকবেরি কর্তৃপক্ষ আশা করছে।
এ বছর অক্টোবরের দিকে ফোনটি বাজারে ছাড়া হবে বলে ব্ল্যাকবেরি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

শিশুদের ডিকশনারিতে ‘হ্যাশট্যাগ’

/

ভার্চুয়াল জগৎজুড়ে ‘সেলফি’ শব্দটির জয়জয়কারের কাছে হার মেনে ২০১৩ সালে অক্সফোর্ড ডিকশনারি এই শব্দটিকে ‘ওয়ার্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি দিতে বাধ্য হয়। এই ঘটনা প্রযুক্তি আর সোশ্যাল নেটওয়ার্কপ্রেমীদের অবশ্যই মনে আছে। এবার অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস ‘চিলড্রেনস ওয়ার্ড অব দ্য ইয়ার’ হিসেবে ঘোষণা করল ভার্চুয়াল জগতের আর এক শক্তিশালী শব্দ ‘হ্যাশট্যাগ’কে। 

প্রথমে টুইটারে এই হ্যাশট্যাগ ব্যবহারের প্রচলন শুরু হলেও পরবর্তীকালে এটি জায়গা করে নেয় জাকারবার্গের ফেসবুকে। এই যোগাযোগ মাধ্যমগুলোতে তাই কোনো কিছুকে বিশেষভাবে গুরুত্ব দিতে এবং সবার আকর্ষণ কাড়তে হরহামেশাই মানুষজন ব্যবহার করছে এই ‘#’ হ্যাশট্যাগ।

তবে এই স্বীকৃতি মেলেনি ভার্চুয়াল জগৎ থেকে। বিবিসির ‘৫০০ ওয়ার্ডস’ প্রতিযোগিতার জন্য জমা হওয়া এক লাখ ২০ হাজার চারশো ২১টি ছোট গল্প গবেষণা করে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস এই সিদ্ধান্তে এসেছে।

শিশুদের কাছে প্রিয় এই ‘#’ চিহ্ন তারা ব্যবহার করছে এখন সব জায়গায়। এটি শিশুদের অভিধানে প্রবেশ করছে ভিন্নভাবে। গবেষকরা বলছেন, পাঁচ থেকে ১৩ বছর বয়সী শিশুরা এই হ্যাশট্যাগকে ব্যবহার করছে বাক্যে একটি উপসর্গ হিসেবে কিংবা কোনো একটি শব্দকে একটু বেশি আকর্ষণীয় করতে। 
অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের ভিনিতা গুপ্তা বলেন, “শিশুরা টুইটারে টুইট করছে না কিন্তু তারা তাদের লেখায় নাটকীয়তা রাখার জন্য ‘#’ চিহ্ন ব্যবহার করছে, যা অবশ্যই একটি চিন্তার বিষয়।”

তারা আরো গবেষণা করে দেখেছেন, শিশুদের জীবনে প্রযুক্তি এবং সোশ্যাল মিডিয়ার প্রভাব বেড়েই চলেছে দিনে দিনে। এবং সময়ের সাথে সাথে শিশুরাও নতুন নতুন প্রযুক্তিগত পরিবর্তনের অংশ হয়ে যাচ্ছে। ই-মেইল, মোবাইল কিংবা ফেসবুকের বদলে তাদের কাছে প্রিয় শব্দ এখন ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট কিংবা ইমোজি।

হালকা ওয়েব পেজ আর দ্রুতগামী মোবাইল ব্রাউসিং আসছে ভারতে, সৌজন্যে গুগল

Friday, June 12, 2015 /

স্লো মোবাইল ইন্টারনেটের জ্বালায় সবার জীবনই হতাশাময়। গুগল জানাচ্ছে ''২০০ মিলিয়নেরও বেশি ভারতীয় স্মার্টফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করেন। একটি পেজ লোড হতে যদি ইউসাররা দিনে এক সেকেন্ডও অপেক্ষা করেন তার অর্থ জীবনের আড়াই বছর তাঁদের অপেক্ষাতেই কেটে যাবে।''
যখন কেউ খেলার আপডেট বা স্কোর জানতে উদগ্রীব বা আইআরসিটিসি-এর মাধ্যমে চেষ্টা চালাচ্ছেন ট্রেনের টিকিট কাটার অথবা পছন্দের রেস্তোরাঁর ফোন নম্বর খুঁজছেন, অথবা জানতে চাইছেন কোনও নির্দিষ্ট খবর তখন সময় ভীষণ গুরুত্বপূর্ণ। ভারতে বাজে নেটওয়ার্কের দাপটে মোবাইলে ইন্টারনেটের ব্যবহার বেশ হতাশাব্যঞ্জক।
এবার এই সমস্যার সমাধানে পথে নামল গুগল। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে ''গতি বাড়াতে নতুন কিছু নিয়ে আসতে চলেছি আমরা। দু'সপ্তাহের মধ্যে নয়া ফিচার চলে আসছে। আপনি যদি ভারতে থাকেন, সঙ্গি হয় একটি অ্যানড্রয়েড ফোন ও টুজি-এর মত স্লো ইন্টারনেট কানেকশন আপনি লক্ষ্য করবেন পেজগুলি অনেক দ্রুততার সঙ্গে লোড হচ্ছে। গুগল সার্চ রেসাল্টে ক্রোম বা অ্যানড্রয়েড ব্রাউসার ব্যবহার করলে অনেক কম সময়ে কম ডেটা খরচ করে সন্ধান পাওয়া যাবে সব কিছুরই।''
গুগল জানিয়েছে এই অপটিমাইজড পেজগুলি ৮০% কম ডেটা ব্যবহার করবে। একই সময়ে ৫০% বেশি পেজ ভিউ হবে।

সৌদি বাদশাহ'র সরকার নিষেধাজ্ঞার কথা ভাবছে ফেসবুক, টুইটার, ইউটিউব

Tuesday, June 9, 2015 /
সৌদি আরবে সব ধরণের সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে সরকার। বাদশাহ'র উপদেষ্টা কমিটি বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে। এ নিষেধাজ্ঞার তালিকায় থাকতে পারে ফেসবুক, টুইটার, ইউটিউবসহ বেশ কিছু মাধ্যম। এক বিবৃতিতে একথা জানানো হয়েছে।
অপরাধ কমানোর কথা বলে বিশ্বের অনেক দেশেই সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, কিছু ওয়েবসাইট ব্যবহার করে ঘৃণা ও বিদ্বেষ ছড়ানো হচ্ছে। যা সমাজের জন্য ক্ষতিকর। এ ধরনের সব সাইটই ব্লক করে দেওয়া হবে। গুগল ও ইয়াহুর মতো সার্চ ইঞ্জিন শুধু বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য নানা অফার দেয়। তারা এমন কোনও কাজ করে না বা অফার দেয় না আরবের জন্য লাভজনক।
সাইবার অপরাধ সংক্রান্ত একটি বিল আট বছর আগেই তৈরি করেছিল ওই উপদেষ্টা কমিটি। ওই বিলটিই সংশোধন করে উপস্থাপন করবে কমিটি। যেসব সামাজিক যোগাযোগ মাধ্যম বা ওয়েবসাইট সন্ত্রাসবাদের বিস্তার ও সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িত তাদের বন্ধ করে দেওয়ার সুপারিশ করা হয়েছে।
এছাড়া কোনও ব্যক্তি যদি জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িক সংঘাতে জড়িত থাকে তাহলে তাকে ফাঁসি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

অফলাইনেও মিলবে গুগল মানচিত্রের সুবিধা

/
ইন্টারনেট সংযোগ ছাড়াই গুগল মানচিত্রের মাধ্যমে ব্যবহারকারীরা ঘটনাস্থল পর্যালোচনা ও দিক নির্দেশ করতে পারবেন। গুগল কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার এ বিষয়ে জানান, এই বছরের শেষের দিকে এটি কার্যকর হবে। ২০০৫ সালে প্রথম গুগল মানচিত্র প্রকাশ পাওয়ার পর ভ্রমণার্থীদের সুবিধাদানে বার বার নিজেকে প্রমাণিত করলেও অফলাইনে থাকার সময় সেটি অকার্যকর হয়েছে। তাই গুগলের কার্যক্রম বদলাচ্ছে। বিশ্বের বৃহত্তম অনুসন্ধান কোম্পানির দ্বারা আবার পরিষেবাটি চালু হল যেখানে নেভিগশন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা অফলাইনেও টের পাওয়া যাবে।
এ বিষয়ে গুগলের ভাইস প্রেসিডেন্ট জেন ফিৎজপ্যাট্রিক জানিয়েছেন, যেখানে প্রত্যেকবার নেভিগেটিং সুপার নির্ভরযোগ্য সংযোগ মাধ্যম পেতে চান, সেখানে এর পর অফলাইনেও মানচিত্রের খোঁজে ভ্রমণেচ্ছুদের মূল্যবান ডেটা ব্যয়ের প্রয়োজন হবে না। মানচিত্র অনুসন্ধানের পাশাপাশি যে কোনও স্বয়ংসম্পূর্ণ কাজও অফলাইনের মাধ্যমে সম্ভব হবে। আপাতত সংস্থার তরফে বিশেষ কোনও অঞ্চল নির্দিষ্ট করে দেওয়া না হলেও, ভবিষ্যতে ম্যাপিং নেভিগেশন জোন বেঁধে দেওয়া হবে বলে গোপন সূত্রে জানা গিয়েছে।
বিষয়টি সম্পর্কে ওই সংস্থার এক মুখপাত্র বলেন, গুগল মানচিত্র ব্যবহারকারীদের একটি বড় অংশ মানচিত্র ব্যবহারে অফলাইন অ্যাপ্লিকেশনটি কার্যকর করার আরজি জানান৷ তারপরই এ বিষয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আইফোনের পরবর্তী সংস্করণ বাজারে আসছে নতুন আইফোন

/
আইফোনের পরবর্তী সংস্করণ কবে বাজারে আসবে, তা নিয়ে গুঞ্জনের শেষ নেই। এবার প্রযুক্তি বিষয়ক একটি ওয়েবসাইট জানিয়েছে, আগামী সেপ্টেম্বরেই বাজারে আসবে আইফোন ৬এস। যুক্তরাজ্যের মোবাইল ক্যারিয়ার ভোডাফোনের সূত্র থেকে বিষয়টি নিশ্চিত হওয়ার কথা জানিয়েছে ওয়েবসাইটটি।

মোবাইল নিউজ নামের এই ওয়েবসাইটে বলা হয়, সেপ্টেম্বরের ১৮ তারিখ থেকেই নতুন আইফোনের জন্য অগ্রিম বুকিং নিতে শুরু করবে অ্যাপল। আর বাজারে পাওয়া যাবে ২৫শে সেপ্টেম্বর থেকে।

গুজব রয়েছে যে এ বছরের শেষের দিকে দুটি নতুন মডেলের আইফোন বাজারে আনবে অ্যাপল। এর একটি হতে পারে আইফোন ৬এস এবং অপরটি হতে পারে আইফোন ৬এস প্লাস। ডিজাইন একই হলেও তফাৎ থাকতে পারে হার্ডওয়্যার কিংবা ফিচারে বিশেষ করে র‍্যাম, ক্যামেরা এবং প্রসেসর আলাদা আলাদা হতে পারে।